১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে সাবেক এমপিকে বহন করা প্রিজন ভ্যানে দুদফা হামলা

সকাল থেকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের আদালত চত্বরে অবস্থান নিতে দেখা গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2024, 10:51 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে দুই দফা হামলা হয়েছে। 

নগরীর রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম বলেন, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আসাদকে প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া ও আদালত থেকে ফের কারাগারে আনার সময় ভ্যানে হামলা চালানোর চেষ্টা করে কিছু লোক। 

যদিও সেসময় কর্মরত সাংবাদিকদের করা ভিডিওতে দেখা যায়, আসাদকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ইট, কাদা ও ডিম নিক্ষেপ করা হচ্ছে। তাকে গালাগাল করতেও শোনা যায়। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজশাহী নগরীতে নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নগরীর বেয়ালিয়া থানার দুইটি মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে আদালতে নেওয়া হয়।   

এ সময় আইনজীবী ইব্রাহিম হোসেন তার জামিন আবেদন করেন। শুনানি শেষে আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক ফয়সল তারেক।

এর আগে গত ৫ ডিসেম্বর আসাদকে রাজশাহীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। 

ওই দিন আসাদকে আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়ার সময় ওই প্রিজন ভ্যান ঘিরে আওয়ামী লীগের সমর্থকরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ আসাদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দেওয়া হয়। 

তবে বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নেন।