রাজশাহীতে বোরোর ফলন-দামে কৃষকের ‘সোনালি হাসি’
“উৎপাদন ভালো হলেও লাভ নিয়ে কিছুটা শঙ্কা থেকেই যাচ্ছে। ভালো দাম পেলে আমরা লাভবান হব।”
বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। জ্যৈষ্ঠ মাসজুড়ে পুরোদমে থাকবে এই সোনালি ফসল কাটা-মাড়াই ও ঘরে তোলার ব্যস্ততা। এরই মধ্যে রাজশাহী জেলায় ৬০ শতাংশ জমির ধান ঘরে তুলেছেন কৃষকেরা।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, রাজশাহী জেলায় এবার গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি জমিতে বোরো চাষ হয়েছে। সব রেকর্ড ছাড়িয়ে গেছে আবাদের লক্ষ্যমাত্রাও।
এবার ‘ভালো ফলন’ পাচ্ছেন কৃষকেরা। সেই খুশির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে ‘আশানুরূপ বাজার দর‘।
জেলার হাট-বাজারে এখন নতুন ধান। অনেকে চাষের খরচের পাওনা মেটাতে জমি থেকে মাড়াইয়ের পরপরই ধান বিক্রি করে দিচ্ছেন। রাজশাহীর বাজারে নতুন ধান প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩৫০ টাকায়।
শুক্রবার জেলার বাগমারা উপজেলার তাহেরপুর হাটে এ দামে ধান বিক্রি হয়েছে। তবে জমি থেকে বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা মণ দরে।
রাজশাহীর কৃষকেরা বলছেন, রবিশস্য তুলতে দেরি হওয়ায় এবার বোরো আবাদের সময় কিছুটা দেরি হয়েছে। অধিকাংশ চাষি দেরিতে ধান লাগিয়েছিলেন। তার মধ্যে ছিল গরমের নেতিবাচক প্রভাব। পানির সংকটে রোপণ নিয়ে ছিল উদ্বেগ-উৎকণ্ঠা।
তবে সব উদ্বেগ-অনিশ্চয়তা কাটিয়ে প্রত্যাশার চেয়ে বেশি জমিতে ধান আবাদ হয়েছে। এখন ফসল ঘরে তোলায় শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন তারা।
বাগমারা উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক আজাদ আলী বলেন, “এবার প্রতিকূল আবহাওয়ার কারণে অনেকের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবার নতুন করে বীজতলা তৈরি করে রোপণ করতে দেরি হয়েছে। পাশাপাশি বৃষ্টি না হওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। এ বছর সার ও কীটনাশকের দামও বেশি।
“উৎপাদন ভালো হলেও লাভ নিয়ে কিছুটা শঙ্কা থেকেই যাচ্ছে। ভালো দাম পেলে আমরা লাভবান হব।”
তেঘরিয়া গ্রামের কৃষক কামাল হোসেন বলেন, “বৃহস্পতিবার সাবাই হাটে এক হাজার ৩৮০ টাকা মণ দরে ১০ মণ ধান বিক্রি করেছি। এই ধান গত বছর এ সময় বিক্রি হয়েছে এক হাজার ২৫০ থেকে এক হাজার ৩০০ টাকা দরে। এবার মণ প্রতি প্রায় ১০০ টাকা বেশি।”
এ বছর আড়াই একর জমিতে বোরো চাষ করা গোদাগাড়ীর শফিকুর রহমান বলেন, “এবার বোরোর ফলন ভাল হয়েছে। দামও ভাল। এছাড়াও গত বছর ধান কাটা-মাড়াইয়ের জন্য শ্রমিক সংকট ছিল। ফলে বেশি মজুরি দিয়ে শ্রমিক নিতে হয়েছে। এবার সে সমস্যা হয়নি। ফলে সহজেই কম খরচে ধান ঘরে তুলতে পেরেছি।”
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা বলেন, “গত এক দশকে জেলায় বোরো উৎপাদন ধারাবাহিকভাবে বেড়েছে। এবার এক দশকের মধ্যে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে।
“আবহাওয়া প্রতিকূল থাকায় এবার আবাদ বেশি হয়েছে। ইতোমধ্যেই ৬০ শতাংশের বেশি ধান কৃষকের ঘরে উঠে গেছে।”
তিনি বলেন, চলতি মৌসুমে ৭০ হাজার ১৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৪৬ হাজার ৭০ টন ধান।
২০২২-২৩ অর্থ বছরে আবাদ হয়েছিল ৬৮ হাজার ৬০০ হেক্টর জমিতে; যেখানে উৎপাদন হয়েছিল তিন লাখ ৩২ হাজার ৪৩৯ টন ধান।
“অর্থাৎ এক বছরের ব্যবধানে বোরো আবাদ বেড়েছে এক হাজার ৫৬০ হেক্টর জমিতে। সেখানে উৎপাদন বাড়ছে ১৩ হাজার ৬৩১ টন।” যোগ করেন এ কৃষি কর্মকর্তা।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২০২১-২২ অর্থবছরে ৬৫ হাজার ৮৩৪ হেক্টর জমিতে দুই লাখ ৭১ হাজার ১৭১ টন ধান উৎপাদন হয়েছে। ২০২০-২১ অর্থবছরে ৬৬ হাজার ৭৩২ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল দুই লাখ ৮৯ হাজার ৯৮৮ টন। ২০১৯-২০ অর্থবছরে ৬৬ হাজার ২৬৫ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল দুই লাখ ৮৬ হাজার ৯৮৩ টন।
এর আগে ২০১৮-১৯ অর্থবছরে ৭০ হাজার ১০৮ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল দুই লাখ ৯৭ হাজার ৬৬৩ টন। ২০১৭-১৮ অর্থবছরে ৬৯ হাজার ২০৫ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল দুই লাখ ৯৩ হাজার ২৬৫ টন।
এছাড়াও ২০১৬-১৭ অর্থবছরে ৬৭ হাজার ২৬৩ হেক্টর জমিতে দুই লাখ ৮৫ হাজার ২৩২ টন উৎপাদন হয়েছিল। ২০১৫-১৬ অর্থবছরে ৬৬ হাজার ৪৯০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল দুই লাখ ৬২ হাজার ৭৮৮ টন।
২০১৪-১৫ অর্থবছরে ৬৯ হাজার ৭৭৮ হেক্টর জমিতে উৎপাদিত হয়েছিল দুই লাখ ৯৪ হাজার ১৫ টন ধান। ২০১৩-১৪ অর্থবছরে ৬৮ হাজার ০৮৬ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল দুই লাখ ৬৯ হাজার ৫৪৪ টন।
