২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ কাউন্সিলরের স্ত্রী সর্বোচ্চ ভোটে হলেন ভাইস চেয়ারম্যান

বেনাপোল পৌরসভার কাউন্সিলর তারিকুল আলম তুহিন ২০১৩ সালের ৭ মার্চ ঢাকার ন্যাম ফ্ল্যাট থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।

নিখোঁজ কাউন্সিলরের স্ত্রী সর্বোচ্চ ভোটে হলেন ভাইস চেয়ারম্যান
যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী শামীমা খাতুন সালমা।

বিডিনিউজ২৪

আসাদুজ্জামান আসাদ. বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2024, 11:53 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শামীমা খাতুন সালমা।

তিনি ১১ বছর আগে নিখোঁজ বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র (কাউন্সিলর) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারিকুল আলম তুহিনের স্ত্রী। সালমা জেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকার দায়িত্বেও আছেন।   

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে শার্শায় মঙ্গলবার ভোটগ্রহণ হয়। রাতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী ফলাফল ঘোষণা করেন। 

ফলাফলে দেখা যায়, উপজেলার মোট দুই লাখ ৯৯ হাজার ১১১ ভোটারের মধ্যে ৫৫ হাজার ৭২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে শামীমা খাতুন সালমা কলস মার্কায় পেয়েছেন ৪২ হাজার ৬২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের মোছা. আলেয়া ফেরদৌস পেয়েছেন ৭ হাজার ৭২৯ ভোট। 

আর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন দোয়াত-কলম প্রতীক ৩৭ হাজার ৫৭০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। 

অপরদিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুর রহিম সরদার তালা প্রতীকে ২২ হাজার ৯৮৭ ভোট পেয়ে সাধারণ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বিজয়ী শামীমা খাতুন সালমা তার প্রতিক্রিয়ায় বলেন, “আমার স্বামী নিখোঁজের পর থেকে পরিবার নিয়ে দুঃখ-কষ্টের মধ্যে দিন কাটিয়েছে। আমার স্বামী আজ ১১ বছর ধরে নিখোঁজ। একমাত্র ছেলের বয়সও ১১ বছর। সে তার বাবাকে দেখেনি। বাবাও সন্তানের মুখ দেখে যেতে পারেননি। ছেলে ফিরে আসবে এই আশায় আমার শ্বশুরও মারা গেছেন।

“উপজেলার সাধারণ মানুষের সহানুভূতি ও ভালবাসায় আজ আমি বিপুল ভোটে জিতেছি। ভাইস চেয়ারম্যান হয়েছি। আমি স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের প্রতি কৃতজ্ঞ। আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাব”, বলেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। 

শামীমা খাতুন সালমার স্বামী তারিকুল আলম তুহিন ২০১৩ সালের ৭ মার্চ সকালে ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ফ্ল্যাটে সংসদ সদস্য আফিল উদ্দিনের বাসায় যান। সেখান থেকে তিনি বেলা সাড়ে ১১টায় বের হন। তারপর থেকেই তিনি নিখোঁজ আছেন।  

পরিবার বিভিন্ন সময় অভিযোগ করে আসছে, দলীয় কোন্দলের জেরে তুহিনকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়ে থাকতে পারে।