Published : 07 Aug 2026, 08:58 PM
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরলে আইনের পথ ধরেই তাকে কারাগারে যেতে হবে বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, “আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন এবং আইনের মুখোমুখি হবেন। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবেন। আমরা বিশ্বাস করি, মানুষের ক্ষমতা যত বড়ই হোক, আইনের ক্ষমতা তার চেয়েও বড়। আইন তার নিজস্ব গতিতেই তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।”
আইনমন্ত্রী বলেন, “তিনি ১৪০০ মানুষকে হত্যা করেছেন, ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছেন। দিনের ভোট রাতে করে দেশকে ধ্বংস করে গেছেন। তিনি বলছেন, ডিসেম্বরে দেশে আসবেন। দেশে ফিরে কারাগারে যাবেন। আইনের পথ ধরে হাঁটবেন।”
শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, “আমার স্বপ্নের বিচার বিভাগ হলো অসহায়-দরিদ্র মানুষ অনুভব করবে, সৃষ্টিকর্তার পর যেখানে গেলে আস্থা ও বিশ্বাস রাখতে পারবে।”
তিনি বলেন, “আমার কাছে বিচার বিভাগে সংকট হচ্ছে, মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের।”
মন্ত্রী বলেন, “বিচারকের পেশা অন্য পেশার মত নয়। এ পেশায় যারা আসবেন তাদের মনে রাখতে হবে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠার।”