২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাইক্রোবাস চাপায় প্রাণ হারাল বাবা-মেয়ে

পুলিশ জানায়, কাপাসিয়া বাজারে যাওয়ার উদ্দেশে মেয়েকে নিয়ে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন ডালিম।

গাজীপুরে মাইক্রোবাস চাপায় প্রাণ হারাল বাবা-মেয়ে

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 01:48 AM

Updated : 05 Apr 2023, 01:48 AM

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাইক্রোবাসের চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে কাপাসিয়া-ঢাকা সড়কের সূর্য্যনারায়ণপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ওসি এ এইচ এম লুৎফুল কবীর।

নিহতরা হলেন সূর্য্যনারায়ণপুর গ্রামের মৃত ইউসুফের ছেলে মো. ডালিম (৩৮) ও তার তিন বছর বয়সী মেয়ে তানিসা।

স্থানীয়দের বরাতে ওসি জানান, কাপাসিয়া বাজারে যাওয়ার উদ্দেশে ডালিম তার মেয়েকে নিয়ে ভুবনেরচালা উচ্চ বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছিলেন। সেখানে ঢাকাগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়।

“গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডালিমকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, আহত তানিসাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তানিসা মারা যায়।

ঘটনার পরপররই মাইক্রোবাসটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি লুৎফুল কবীর জানান।