২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসুন্দর ও ছেলেকে মারধরের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

পুলিশ বলছে, আসামিরা সবাই পলাতক।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 12:33 AM

Updated : 06 Jul 2023, 12:49 AM

সাভারের আশুলিয়ায় এক নরসুন্দর ও তার ছেলেকে মারধরের অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।  

বুধবার সকালে আশুলিয়া থানায় মামলাটি করা হয় বলে ওই থানার এসআই জাহাঙ্গীর আলম জানান।

মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী এলাকায় ‘বাদল হেয়ার কাটিং’ সেলুনে নরসুন্দর ও তার ছেলেকে মারধরের পর দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

মামলার প্রধান আসামি শহিদ ওরফে ডন (৫২) শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে জানান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রাকিবুল ইসলাম বাবুল। তবে ঘটনা সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

মামলার এজাহারনামীয় অন্য আসামিরা হলেন একই এলাকার আশরাফ ওরফে হাত ভাঙা আশরাফ (৩৫) ও হিমেল (৩২)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার রাতে ওই সেলুনের মালিক বাবুল চন্দ্র শীল (৪০) অন্য একজনের চুল কাটছিলেন। তখন শহীদ সেলুনে ঢুকে তার দাড়ি কেটে দিতে বলেন। ১০ মিনিট দেরি হবে বললে, শহীদ জুতা দিয়ে বাবুল চন্দ্রকে এলোপাতাড়ি পেটাতে থাকেন।

“নরসুন্দরের ছেলে বাদল চন্দ্র শীল (১৯) সেলুনের পাশেই মুদির দোকান চালান। বাবাকে মারতে দেখে তিনি প্রতিবাদ করলে শহীদ এবং তার সহযোগীরা তাকেও কাঠের টুকরা দিয়ে মারধর ও দোকান ভাঙচুর করে ক্যাশবাক্স থেকে টাকা লুটে নেন।”

আহত বাবা-ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রাকিবুল ইসলাম বাবুল বলেন, “শহিদ ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি এ ঘটনা সম্পর্কে জানি না। ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এসআই জাহাঙ্গীর আলম বলেন, আসামিরা সবাই পলাতক; তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।