খুলনায় নিজ ঘরে পড়েছিল বৃদ্ধার হাত-পা-মুখ বাঁধা লাশ
রাতে দুর্বৃত্তরা ওই বৃদ্ধাকে হত্যা করে মালামাল লুট করে নিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।
খুলনার রূপসা উপজেলায় নিজ ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার নৈহাটী গোডাউন মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান রূপসা থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
নিহত সৈয়দা গুলফার নাহার সেতারা (৭০) ওই এলাকার প্রয়াত শহিদুল্লাহ শেখের স্ত্রী। গুলফার নাহারের ছেলে রায়হান শেখ চাকরির সুবাদে ঢাকায় থাকেন। এ কারণে তিনি বাসায় একাই থাকতেন।
পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, শুক্রবার সকালে কাজের মেয়ে শাহিনুর ঘরের সামনের গেইট বন্ধ দেখতে পেয়ে গুলফার নাহারকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে পেছনের গেইট খোলা দেখতে পান তিনি।
পরে প্রতিবেশী কয়েকজন ঘরের ভেতর ঢুকে ওই নারীকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয় বলে জানান তিনি।
পুলিশ পরিদর্শক বলেন, রাতে দুর্বৃত্তরা রান্নাঘরের পেছনের দেয়াল ভেঙে বাড়ির ভেতরে প্রবেশে করে। মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মাথায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
