২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের কর্মবিরতি

মানববন্ধন শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের কর্মবিরতি
খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও কর্মবিরতি পালন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 03:16 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ ও নিরাপত্তা চেয়ে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন খাগড়াছড়ির সাংবাদিকরা। 

বুধবার সকালে জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা পর্যায়ের সাংবাদিকরাও অংশ নেন। 

মানববন্ধন শেষে সাংবাদিকরা খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সাংবাদিকদের অভিযোগ, মনের মত সংবাদ পরিবেশন করা না হলে, দুষ্কৃতিকারীরা সংবাদকর্মীদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করান। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, মিথ্যা  প্রচার, এমনকি হত্যার হুমকিও পাচ্ছেন।

২৭ সেপ্টেম্বর শহরে ‘সাম্প্রদায়িক সহিংসতা’ চলাকালে পেশাদার সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় সম্মুখীন হয়েছিলেন। সেই সময় উভয়পক্ষের হামলা ও মারধরের শিকার হন সংবাদকর্মীরা।

এর আগে ২০২৪ সালে ৪ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে খাগড়াছড়িতে চিহ্নিত ‘সন্ত্রাসীদের’ দ্বারা আক্রান্ত হন সাংবাদিকরা। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়েও সাংবাদিকদের টার্গেট করা হয়েছে। গত বছরের ১ অক্টোবর সদর উপজেলায় শিক্ষক হত্যার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা হয়েছে। 

তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা সময় হেনস্তা, হুমকি ও হামলার মুখে পড়ছেন সাংবাদিকরা। এতে অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব ঘটনার জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন সাংবাদিকরা। 

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকা এবং হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। 

মানববন্ধনে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জ্যেষ্ঠ সহসভাপতি মো. জহুরুল আলম, খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস এবং জিটিভির জেলা প্রতিনিধি হ্ল্যাপ্রু মারমা বক্তব্য দেন।