রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কা, নারী নিহত
“গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন৷
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ফতুল্লার কাশীপুরের ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার এসআই বেলায়েত হোসেন জানান।
নিহত রাশেদা বেগম (৪৮) পাশের খিলমার্কেট এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বলেন, “ওই নারী রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক রাশেদাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে যায় বলে জানান তিনি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে এসআই বেলায়েত বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷
