০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে নকল রশিদে বাড়ির ট্যাক্স আদায়ের অভিযোগ

এ ঘটনায় একটি বেসরকারি এনজিওর চার কর্মকর্তাকে রশিদ বইসহ আটক করে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 09:35 PM

Updated : 08 Oct 2026, 09:35 PM

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মার রসুলপুর ইউনিয়ন পরিষদে নকল রশিদে বাড়ির ট্যাক্স আদায়ের অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, “বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইউনিয়নের বাড়ির ট্যাক্স আদায়ের দায়িত্ব দেওয়া হয় নওগাঁর ‘সুর্যমুখী’ নামের একটি বেসরকারি এনজিওকে।

দায়িত্ব পাওয়ার পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমানসহ কয়েকজন মাঠকর্মী ইউনিয়ন পরিষদের অনুমোদিত রশিদের বদলে নতুন রশিদ ছাপিয়ে ট্যাক্স আদায় শুরু করেন বলে অভিযোগ ওঠে।

৫ অক্টোবর বিকালে বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা রশিদ বইসহ এনজিওটির চার কর্মকর্তাকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

গ্রাম পুলিশের দফাদার রুহুল আমিন বলেন, নকল রশিদে ট্যাক্স আদায়ের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে চারজনকে রশিদ বইসহ আটক করে পরিষদে নিয়ে আসা হয়।

গ্রাম পুলিশ সদস্য বিনয় চন্দ্র বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এনজিওটির ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান রশিদ ছাপানোর কথা স্বীকার করে দাবি করেন, ট্যাক্স আদায়ের সুযোগ করে দিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিল্টনকে এক লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

চেয়ারম্যান বিষয়টি জানতেন এবং তার সঙ্গে সমঝোতা করেই ট্যাক্স আদায় কার হচ্ছিল বলেও দাবি করেন তিনি।

ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিল্টন বলেন, “হাফিজুর স্বীকারও করেছেন তিনি আমাদের সরবরাহ করা রশিদ বইয়ের বাইরে বই ছাপিয়েছেন।”

তবে হাফিজুর রহমানের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলেন, “এটা মিথ্যা। আমরা তার কাছ থেকে জামানতের চেক রেখেছি।”

ইউনিয়ন পরিষদের সচিব খায়রুল ইসলাম বলেন, নকল রশিদে ট্যাক্স আদায়ের বিষয়টি পরিষদে আলোচনা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।