ওসিকে ‘গলায় গামছা বেঁধে বিতাড়িত করার হুমকি' পৌর মেয়রের
বক্তব্যের এক পর্যায়ে মেয়র আরও বলেন, “এই দুর্নীতিবাজ ওসি সন্ত্রাস করছে। আমরা চাই, অতিসত্বর তিনি এখান থেকে চলে যাক।”
দুর্নীতির অভিযোগ এনে ঝিনাইদহের শৈলকূপা থানার ওসিকে ‘গলায় গামছা বেঁধে বিতাড়িত করার’ হুমকি দিয়েছেন মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ- শৈলকূপা আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারের এক সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র কাজী আশরাফুল আজম শৈলকূপা থানার ওসি মো. সফিকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এ হুমকি দেন।
পৌর মেয়রের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বক্তব্যের এক পর্যায়ে মেয়র আরও বলেন, “এই দুর্নীতিবাজ ওসি সন্ত্রাস করছে। আমরা চাই, অতিসত্বর দুর্নীতিবাজ ওসি এখান থেকে চলে যাক।”
ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “পৌর মেয়রের বক্তব্য তার ব্যক্তিগত।”
এদিকে শৈলকুপার ওসি শফিকুল ইসলাম চৌধুরী তার বিরুদ্ধে মেয়রের আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “উপজেলা নির্বাচন পরবর্তীতে মেয়র ও সারুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জুলফিকার কায়সার টিপুর কর্মী-সমর্থকরা শৈলকূপা বাজার ও বিভিন্ন ইউনিয়নে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারছেন না। এজন্য আমার ওপর নাখোশ হয়ে মেয়র সাহেব এ বক্তব্য দিতে পারেন।”
মেয়রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
