২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ২ টাকায় শাড়ি-লুঙ্গি

নাগেশ্বরীর ৩৫ নারীর কাছে দুই টাকার বিনিময়ে এসব পোশাক বিক্রি করা হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2024, 12:12 AM

Updated : 10 Sep 2026, 12:08 PM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ঈদ উৎসব বাড়িয়ে দিতে হতদরিদ্রদের জন্য দুই টাকায় কাপড়ের হাট বসিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যেখানে দুই টাকা দিলেই মিলছে নতুন শাড়ি, লুঙ্গি, মেক্সি ও ব্লাউজের কাপড়।

বুধবার দুপুরে উপজেলার নিম্ন আয়ের ৩৫ নারীর কাছে দুই টাকার বিনিময়ে এসব পোশাক বিক্রি করে কুড়িগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে হতদরিদ্র মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ। 

দুই টাকার হাটে কাপড় নিতে আসা রহিমা বেগম বলেন, “মুই স্বপ্নেও ভাবোং নাই দু টাহায় একখান নয়া শাড়ি পাইম। দুই ঈদ থাকি নয়া কাপড় পেং দোং (পরা) নাই। এই ঈদটা ভালে যাইবে বাবা।”

আফসানা খাতুন বলেন, “আমার গর্ভে পাঁচ মাসের সন্তান। সাধারণ কাপড় পড়লে কষ্ট হয়। দুই টাকার হাটে এসে একটা রেডিমেট মেক্সি নিলাম। এখন আরামে পড়তে পারব। ফুল সংগঠন এবং ইউনও স্যারকে অনেক ধন্যবাদ।”

ইউএনও সিব্বির আহমেদ বলেন, “সংগঠনটি (ফুল) দীর্ঘদিন ধরে ব্যতিক্রমধর্মী জনকল্যাণমূলক কাজ করে আসছে। এ ধরণের কাজে প্রশাসন থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।”

ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, “ঈদ উৎসবকে রাঙ্গিয়ে দিতে হাসনাবাদ ইউনিয়নের ৩৫ দরিদ্র মাকে মাত্র দুই টাকার বিনিময়ে নতুন কাপড় দেওয়া হয়েছে। ফুল কাউকে ত্রাণ দেয় না। 

“ত্রাণ নেবার মানসিকতা থেকে বের হয়ে আসা এবং নিজের আত্মসম্মান হেয় না করার জন্য নামমাত্র মূল্যে মায়েদের জন্য এমন আয়োজন করা হয়েছে।”

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসনে, শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, নেওয়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুল, ফুলের ব্যবস্থাপক রবিউল এবং প্রকল্প কর্মকর্তা ফজলুল করিম ফারাজি উপস্থিত ছিলেন।