২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘ডেঙ্গুতে’ স্কুলছাত্রের মৃত্যু

প্রচণ্ড জ্বর হওয়ায় একদিন আগে তানভীরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তার পরিবার জানায়।

কক্সবাজারে ‘ডেঙ্গুতে’ স্কুলছাত্রের মৃত্যু

চাচা জসিম উদ্দিনের সঙ্গে তানভীর আহমদ

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 07:55 PM

Updated : 31 Aug 2022, 07:55 PM

কক্সবাজারে ‘ডেঙ্গু’ আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান জানান, মঙ্গলবার রাত পৌনে ২টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া তানভীর আহমদ (১৪) কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলীর বাসিন্দা আব্দুর রহিমের ছেলে এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

তার বাবা আব্দুর রহিম কক্সবাজার মহিলা কামিল মাদ্রাসার প্রভাষক।

চিকিৎসকের বরাতে তানভীরের চাচা ও যুবদল কক্সবাজার পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বলেন, গত সোমবার প্রচণ্ড জ্বর হওয়ায় তানভীরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার রক্ত পরীক্ষা করার পর চিকিৎসকরা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হন।

"এরপর তানভীরকে হাসপাতালে রেখেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার দুপুরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এতে চিকিৎসকরা তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন।"

আরএমও আশিকুর বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন। তবে প্রশিক্ষণের কাজে ব্যস্ত থাকায় বিস্তারিত তথ্য দিতে পারেননি।