২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা টোল প্লাজায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

টোল প্লাজায় টোল দেওয়ার জন্য গাড়ি থামানো অবস্থায় এ হামলা হয়।

মেঘনা টোল প্লাজায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2022, 09:19 PM

Updated : 02 Oct 2022, 09:19 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোল প্লাজায় এক পুলিশ কর্মকর্তা ও তার গাড়ি চালককে কুপিয়ে টাকা, মোবাইল ফোন ও ব্যাংকের কার্ড নিয়ে গেছে একদল হামলাকারী। 

শুক্রবার ভোরে টোল প্লাজায় টোল দেওয়ার জন্য গাড়ি থামানো অবস্থায় এ হামলা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা মামলায় অভিযোগ করেন। 

হামলার শিকার মো. আলমগীর হোসেন চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি। তার সঙ্গে গাড়িচালক মো. ইয়াছিন বাদশাও আহত হন। 

এ ঘটনায় শনিবার রাতে ওসি আলমগীর হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় অজ্ঞাত ৪-৫ জন ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

আলমগীর ও গাড়িচালক ইয়াছিন বাদশা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানউল্লাহ মামলার বরাতে জানান, চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়ি চালক মো. ইয়াছিন বাদশা প্রাইভেটকারযোগে শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে মেঘনা টোল প্লাজা এলাকায় টোল দেওয়ার জন্য গাড়ি থামান। এ সময় তার আগে ৬-৭টি গাড়ি টোল দেওয়ার লাইনে ছিল। এতে সামান্য যানজটের সৃষ্টি হয়। 

“এ সময় অতর্কিতভাবে ওসিকে বহনকারী প্রাইভেটকার চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। পরে ডাকাতরা প্রাইভেটকারের পেছনের দরজা খুলে আলমগীরকে বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে এবং তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা, ৬০ হাজার টাকা মূল্যের ৪টি মোবাইল সেট নিয়ে যায়।” 

পরিদর্শক আহসানউল্লাহ বলেন, তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। 

তারা প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন; সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি হন। 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. নবীর হোসেন বলেন, ডাকাতির ঘটনায় মামলা দায়েরের জন্য ওসির প্রতিনিধি থানায় এসেছেন। মামলাটি সোনারগাঁ থানা পুলিশ তদন্ত করবেন। 

সোনারগাঁ থানার পরিদর্শক আহসান উল্লাহ বলেন, ওসিকে কুপিয়ে ডাকাতির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাইওয়ে সড়ক নিরাপত্তা দেওয়ার জন্য হাইওয়ে পুলিশ কাজ করার কথা রয়েছে। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।