২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নড়িয়ায় কয়েকশ ‘ভুয়া জন্ম নিবন্ধন’, থানায় জিডি

জেলা স্থানীয় সরকার বিভাগকে বিষয়টি জানানোর পর এ দুই ইউনিয়নের সার্ভারের আইডি স্থগিত করা হয়েছে।

কে এম রায়হান কবীর

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 02:10 PM

Updated : 25 Aug 2022, 02:18 PM

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী ও ফতেহজঙ্গপুর ইউনিয়নের ‘সার্ভার হ্যাক’ করে সাড়ে ছয় শত ভুয়া জন্ম নিববন্ধন তৈরির অভিযোগ উঠেছে।

এ বিষয়ে দুই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি নড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছ।

বিঝারী ইউনিয়ন পরিষদের সচিব মলিনা নাসরিন ও উদ্যোক্তা মুক্তারানী জানান, গত ১৫ অগাস্ট বিকালে বিঝারী ইউনিয়ন পরিষদের সচিব মলিনা নাসরিনের মোবাইলে ই-মেইলে মো. হাসান ইসলাম নামের একটি আইডি থেকে মেইল আসে। সেখানে সদিয়া, পাচলী পাড়া, কটিয়াদি, কিশোরগঞ্জ-এর একটি জন্ম নিববন্ধন রেজিস্ট্রেশন করা হয়। এরপর সচিব বিষয়টি টের পান। এরপর তিনি দেখেন তাদের ইউনিয়নের আইডি ও পাস ওয়ার্ড ‘হ্যাক’ করে ৩৯২ জনের নামে ‘ভুয়া জন্ম নিববন্ধন’ রেজিস্ট্রেশন করেছে কে বা কাহারা।

একই উপজেলার ফতেহজঙ্গপুর ইউনিয়নের আইডিও ‘হ্যাক’ করে অন্তত ২৬০টি নতুন জন্ম নিববন্ধন রেজিস্ট্রেশন করা হয় বলে নাসরিন জানান।

এরপর উভয় ইউনিয়নের পক্ষ থেকে বিষয়টি নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামানকে লিখিতভাবে জানারো হয়। পাশাপাশি নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বিঝারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহাম্মদ কাজী বলেন, “গত ১৫ অগাস্ট বিঝারী ইউনিয়ন পরিষদের পাসওয়ার্ড হ্যাক করে ৩৮২টি ভুয়া জন্ম নিববন্ধন রেজিস্ট্রেশন করা হয়; যারা আমার ইউনিয়নের বাসিন্দা নয়; বিভিন্ন জেলার বাসিন্দা। আমরা বিষয়টি জানতে পেরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইউএন বরাবর দরখাস্ত দিয়েছি।”

ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন জুয়েল বলেন, “আমার ইউনিয়নের আইডি হ্যাক করে প্রায় ২৬০টি ভুয়া জন্ম নিববন্ধন রেকর্ড করা হয়েছে। আমি এ বিষয়ে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছি।”

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান বলেন, “আমরা বিঝারী ইউনিয়নের আইডি হ্যাক করার বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শরীয়তপুর স্থানীয় সরকার শাখায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি।”

জেলা স্থানীয় সরকার বিভাগ এ দুই ইউনিয়নের সার্ভারের আইডি স্থগিত করেছে বলে ইউএনও জানান।