৩ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত সুন্দরবন
গত কয়েক বছর ওই কার্যক্রম চালু থাকায় বনে বাঘ, হরিণসহ অন্যান্য বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে বলে দাবি বন সংরক্ষক কর্মকর্তার।
দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পর্যটক ও বনজীবীদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। ফলে অনুমতি নিয়ে বনে প্রবেশ করা যাচ্ছে।
বুধবার রাত ১২টার পর থেকে সুন্দরবনে প্রবেশ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এর আগে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনের সব নদ-নদী ও খালে মাছ ধরা ও পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল বন বিভাগ।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, সুন্দরবনের জল-স্থলভাগ শুধু জীববৈচিত্র্যেই নয়, মৎস্য সম্পদের আধার। জীববৈচিত্র্য রক্ষা, বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় জুন থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুন্দরবনে পর্যটন থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখে বন বিভাগ। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত কয়েক বছর থেকে ওই কার্যক্রম চলছে।
বন সংরক্ষক বলেন, তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর সেটি আবার খুলে দেওয়া হয়েছে। বনে প্রবেশ করতে পারছেন পর্যটক ও বনজীবীরা।
বন সংরক্ষক আরও বলেন, সুন্দরবনেরও কিছুটা বিশ্রাম দরকার। সারা বছর পর্যটক, জেলে ও বনজীবীদের পদচারণায় বিরক্ত থাকে বন্যপ্রাণীরা। ওই তিন মাস বন্ধ থাকায় বন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
গত কয়েক বছর ওই কার্যক্রম চালু থাকায় বনে বাঘ, হরিণসহ অন্যান্য বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে বলে দাবি তার।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্ত ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় সুন্দরবনে পর্যটকদের চাপ হতে পারে। তবে বনবিভাগও এ ব্যাপারে প্রস্তুতি নিয়েছে।
পর্যটকদের বন দেখার সুবিধার্থে সাতটি নতুন ইকোট্যুরিজম কেন্দ্র চালু করা হয়েছে। তাছাড়া পর্যটকদের পরিবেশসচেতন ভ্রমণে বন বিভাগের পক্ষ থেকে ট্যুর অপারেটরদের প্রশিক্ষণের পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে বলে জানান তিনি।
মোহসিন আরো বলেন, বন বিভাগের পক্ষ থেকে সুন্দরবন ভ্রমণ নীতিমালা-২০১৪ সংশোধন করে আরো যুগোপযোগী করার পরিকল্পনাও প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার ভোর থেকেই সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার জন্য শত শত জেলে পাস নিতে ফরেস্ট স্টেশনগুলোতে ভিড় করছেন।
পর্যটক নিয়ে কয়েকটি জাহাজও রওনা হয়েছে সুন্দরবনের উদ্দেশে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জুয়েল বলেন, বুধবার রাতেই অনেক জেলে স্টেশন ঘাটে চলে এসেছেন। বৃহস্পতিবার সকালে সবাইকে নিয়ে বৈঠক করে বিএলসি ও নৌকা যাচাই-বাছাই করে পাস দেওয়া শুরু হয়েছে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড বলেন, “বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন হওয়ায় সুন্দরবন বাংলাদেশসহ বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিবছর দুই লক্ষাধিক দেশি-বিদেশি পর্যটক সুন্দরবন ভ্রমণে আসেন।”
“এখন সারা বছরই মানুষ সুন্দরবন ভ্রমণ করতে চান। তবে মূল মৌসুম শুরু হয় অক্টোবরের মাঝামাঝি থেকে, চলে মার্চের মাঝামাঝি পর্যন্ত।”
ডেভিড আরো বলেন, এতদিন সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এখন নিষেধাজ্ঞা উঠেছে, সড়কপথে পদ্মা সেতু দিয়ে সুন্দরবনে পর্যটক বাড়বে। বুধবার রাত থেকেই সুন্দরনের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ রওনা হয়েছে।
