ফুলের মুগ্ধতা যাত্রাপথে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপাশে ৫০ হাজারের বেশি ফুলের গাছ লাগানো হয়েছে।
সড়কের দুই ধারে সারি সারি গাছ; তাতে ফুটেছে রাধাচূড়া, জারুলসহ নানান জাতের ফুল। গাড়ির জানালা দিয়ে বাইরে চোখ পড়তেই যে কারও মনে প্রশান্তি আসে; সুবাসে মেতে ওঠে মন। দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীরা এখন ফুলের সৌন্দর্যের মুগ্ধতা নিয়েই পাড়ি দিচ্ছেন গন্তব্যে।
সৌন্দর্য বাড়াতে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেইট পর্যন্ত প্রায় ১৯২ কিলোমিটার ১৪৩ কিলোমিটার এলাকায় বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এর মধ্যে বেশি ফুলের দেখা মিলছে কুমিল্লা অংশে।
সওজ কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, মহাসড়কটি ২০১৬ সালে চার লেনে রূপান্তর করা হয়। সড়কটির সৌন্দর্য বাড়াতে এবং এক লেনের গাড়ির হেড লাইটের আলো যাতে অন্য লেনের গাড়ির উপর না পড়ে সেজন্য ডিভাইডারের উপর রোপন করা হয়েছিলো বিভিন্ন প্রজাতির গাছ।
এর মধ্যে কাঞ্চন, করবী, গন্ধরাজ, কুর্চি, রাধাচূড়া, হৈমন্তী, টগর, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল ও পলাশসহ ৫০ হাজারের বেশি ফুলের গাছ লাগানো হয়েছে।
এছাড়া সড়কের পাশে এবং বিভিন্ন স্থানে ডিভাইডারের উপর লাগানো হয়েছে জলপাই, অর্জুন, কাঁঠাল, মেহগণি, শিশু, আকাশমনি, নিম, একাশিয়া, হরিতকিসহ বিভিন্ন প্রজাতির ৪০ হাজারের বেশি ভেষজ গাছ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় একশো কিলোমিটার এলাকা পড়েছে কুমিল্লা জেলায়। এর দাউদকান্দি, চান্দিনা, বুড়িচং, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলা এলাকায় বেশি ফুলের দেখা মিলেছে।
সুনীতি বলেন, “বিভিন্ন গাছের পাশাপাশি ফুল গাছ রোপন করায় মহাসড়কের সৌন্দর্য বেড়েছে। তবে গত কয়েক বছরে কিছু ফুল গাছসহ অন্য গাছও মরে গেছে। আমরা সেসব স্থানে নতুন করে গাছ রোপণ করছি।
“ডিভাইডারে গাছ দেখভালে আমাদের শ্রমিকরা নিয়মিত কাজ করে যাচ্ছেন। পাশাপাশি গাছগুলো সংরক্ষণেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করছি, সামনে পরিবেশ আরও সুন্দর হবে।”
কুমিল্লা-ঢাকা রুটে নিয়মিত চলাচলকারী বাস চালক বিল্লাল হোসেন বলেন, “ফুল ও অন্যান্য গাছগুলো শুধুমাত্র যাত্রীদের বিনোদনই দেয় না। এগুলো অনেক উপকারেও আসে।”
তাছাড়া ডিভাইডারের উপর এসব গাছ থাকার কারণে রাতের বেলায় এক লেনের গাড়ির হেড লাইটের আলো অন্য লেনের গাড়ির উপর পড়ে না। যার কারণে মহাসড়কে আগের তুলনায় দুর্ঘটনা অনেক কমেছে।”
জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত কুমিল্লার পরিবেশ সংগঠক মতিন সৈকত বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে ফুল ও বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ একটি চমৎকার উদ্যোগ। এতে যাত্রীরা মনোরম পরিবেশে চলাচল করতে পারছেন। পাশাপাশি পরিবেশের উপকার তো হচ্ছেই।
কুমিল্লা থেকে ঢাকাগামী যাত্রী পিংকি আক্তার বলেন, “পুরো মহাসড়কে এখন বলতে গেলে ফুলের মেলা। এই পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন। আমরাও এসব ফুলের সৌন্দর্য উপভোগ করি সব সময়।”
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকার কলেজ ছাত্রী জান্নাতুল মাওয়া বলেন, “আমাদের মনে দোলা দেয় ফুলগুলো। আমরা কলেজে যাবার সময় বন্ধুরা মিলে অনেক সময় ফুলের সঙ্গে ছবি তুলি। যাত্রীরা গাড়িতে বসে, আর আমরা কাছ থেকে ফুলের সৌন্দর্য উপভোগ করি। তাই আমাদের আনন্দটাও একটু বেশি।”
এই মহাসড়কে নিয়মিত চলাচলকারী কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা আবুল বাশার রানা বলেন, “আমি চলাচলের সময় ফুলের সুবাস পাই। মাঝে মধ্যে মোটরসাইকেল থামিয়ে খুব কাছ থেকে এর সৌন্দর্য উপভোগ করি।”
মহাসড়কের পাশে এবং ডিভাইডারের ফাঁকা অংশগুলোতে আরও বেশি করে ফুলের গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।
হাইওয়ে পুলিশের কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “আমরা চাই, ঝোঁপঝাড় পরিষ্কার করে নিয়মিত গাছগুলোর যত্ন করা হোক। তাহলে মহাসড়ক অনেক নিরাপদ থাকবে। কারণ অনেক সময় রাতের বেলায় ডাকাতরা ঝোঁপঝাড়ে লুকিয়ে থেকে যানবাহনে ডাকাতির চেষ্টা করে।”
