১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে গেছে।

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছে এ গুলির ঘটনা ঘটে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 01:19 PM

Updated : 28 Jan 2024, 01:19 PM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি মারা গেছেন। তার মরদেহ ভারতের কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। 

রোববার ভোরে আঙ্গরপোতা সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটেছে জানিয়ে ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের সুবেদার আমানুজ্জামান ঘটনার বলেন, বিষয়টি নিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। 

নিহত ৩৪ বছরের রফিউল ইসলাম টিকলু পাটগ্রামের বঙ্গের বাজার এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, এলাকাবাসী জানিয়েছে- রোববার ভোর ৪টার দিকে আঙ্গরপোতা বিওপি সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছাকাছি ভারতীয় অংশে পণ্য আনতে গিয়েছিলেন চোরাচালানিরা। 

তারা পণ্য নিয়ে ফেরার সময় সাব পিলার-১ থেকে ভারতের ১০০ গজ অভ্যন্তরে ডাঙ্গাপাড়া এলাকায় মেখলিগঞ্জ থানার ৬ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রফিউল ইসলাম টিকলু।

পরে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

সীমান্তের কাছাকাছি বাড়ি হওয়ায় টিকলুও হয়তো চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান এই জনপ্রতিনিধি। 

পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, টিকলুর মরদেহ ভারতীয় পুলিশ নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে।