আশুলিয়ায় ডোবা থেকে চালকের লাশ উদ্ধার, হদিস নেই অটোরিকশার
শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশটি ডোবায় ফেলে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে যায় বলে ধারণা পুলিশের।
ঢাকার সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশের ডোবা থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার ব্যাটারিচালিত অটোরিকশাটির কোনো হদিস পাওয়া যায়নি।
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় আরিচাগামী লেনের পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার এসআই আল মামুন কবির জানান।
নিহত মো. ইমাম হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাল্লুকগাড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। ৪৭ বছর বয়সী ইমাম পরিবার নিয়ে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার ভাড়া বাসায় থাকতেন।
তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই আল মামুন কবির বলেন, ইমাম বৃহস্পতিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলেও আর ফেরেনি। মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় এসে তার লাশ শনাক্ত করেন।
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশটি ডোবায় ফেলে অটোরিকশাটি নিয়ে যায় ছিনতাইকারীরা।
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই আল মামুন।
