২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শোক দিবসের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

এ নিয়ে রাজশাহী আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

রাজশাহীতে শোক দিবসের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

ছবিতে মিছিলে অংশ নেওয়া কর্মীদের শোক দিবসের পোস্টার খুলে নিচ্ছে

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2022, 07:05 PM

Updated : 13 Aug 2022, 07:05 PM

রাজশাহীতে জাতীয় শোক দিবস উপলক্ষে সাঁটানো পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার বিকালে দলটির বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কর্মীরা এসব ব্যানার ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

Image

ছবিতে মিছিলে অংশ নেওয়া কর্মীদের শোক দিবসের পোস্টার খুলে নিচ্ছে

এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে বলে দলের নেতারা জানিয়েছেন।

ডাবলু সরকারের ভাষ্য, “১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা নগরীতে পোস্টার, ব্যানার ও ফেস্টুন সাঁটিয়েছিলেন। পোস্টার-ফেস্টুনগুলোতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের ছবি ছিল। বিএনপির মিছিল থেকে সেগুলো ছিঁড়ে ফেলা হয়।”

Image

ছবিতে মিছিলে অংশ নেওয়া কর্মীদের শোক দিবসের পোস্টার খুলে নিচ্ছে

তিনি আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা সাহেব বাজার, আরডিএ মার্কেট ও নিউ মার্কেটের সামনে সাঁটানো বঙ্গবন্ধুর ও তার পরিবারের সদস্যদের শোকের ছবিগুলো হাত দিয়ে ও ব্লেড মেরে ছিঁড়ে ফেলে।”

“আমরা বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে জানিয়েছি এবং অনুরোধ করেছি, ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নিতে। আমরা প্রয়োজনে মামলা করব। শোকের মাসের জন্য একটু থেমে আছি। শোকের মাস শেষ হলেই আমরা রাজনৈতিকভাবে এসব কর্মকাণ্ডের মোকাবেলা করব।”

মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ বলেন, “মিছিল থেকে শোক দিবসের পোস্টার, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরনের কাজ অন্যায়। যদি কেউ এ কাজ করে থাকে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

Image

ছবিতে মিছিলে অংশ নেওয়া কর্মীদের শোক দিবসের পোস্টার খুলে রাস্তায় ফেলে দেয়

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, “এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে আমরা নিজেরা সিসিটিভি ফুটেজ দেখে যারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা করছি।”