২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু

পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়, আর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয় যাত্রী মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 01:45 PM

Updated : 09 Dec 2023, 01:45 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রাম ট্রাকের চাপায় মারা গেছেন অটোরিকশার দুই যাত্রী। 

শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেড়তলায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সোনাইসার গ্রামের আব্দুর রহমান (৫৫) এবং হবিগঞ্জের লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের ইকবাল হোসেন (৩২)। 

দুর্ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন। 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, “ড্রাম ট্রাকটি ওই মহাসড়ক দিয়ে আশুগঞ্জ থেকে আসছিল। সরাইলের বিশ্বরোড যাওয়ার পথে বেড়তলায় একটি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার ভেতরে থাকা যাত্রী আব্দুর রহমান মারা যান।" 

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত চালক ও আরেক যাত্রীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয় যাত্রী ইকবাল মারা যান বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

পুলিশ ড্রাম ট্রাকটিকে জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে। 

ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।