১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘরে হামলার অভিযোগে গ্রেপ্তার ৪

দোয়ারাবাজার থানার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2024, 08:00 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

সুনামগঞ্জের দোয়ারাবাজারে হিন্দুদের বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

শনিবার প্রধান উপদেষ্টার দপ্তরেরর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “চলতি মাসের শুরুর দিকে ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় হিন্দুদের বসতবাড়ি, দোকানপাট, স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।”

গ্রেপ্তার করা চারজন হলেন- আলীম হোসেন, সুলতান আহম্মেদ রাজু, ইমরান হোসেন ও শাজাহান হোসেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন বিডি্নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দোয়ারাবাজারের মংলারগাঁও ও স্থানীয় বাজারে হামলার ঘটনায় শুক্রবার রাতে দোয়ারাবাজার থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।”

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেকে বলেন, “১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৭০ জনকে মামলায় আসামি করা হয়েছে।”

পুলিশ সদর দপ্তরের বরাতে প্রধান উপদেষ্টার দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ৩ ডিসেম্বর ধর্ম অবমানার ফেইসবুক পোস্ট ঘিরে উত্তেজনার খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ আকাশকে আটক করে। 

“সেই সময় স্থানীয়রা আকাশ দাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে নিরাপত্তার স্বার্থে তাকে দোয়ারাবাজার থানায় না নিয়ে সদর থানায় নেওয়া হয়।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ওইদিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট, স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধন করে। 

“জেলার এসপি, ডিসি, সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে।”

ঘটনার শুরুর দিকেই পুলিশ আকাশ দাসকে আটকের পর পুলিশ তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করে।

গত রোববার ওই মামলায় আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন হেফাজতে রাখার অনুমতি পায় পুলিশ।