ময়মনসিংহে জলাবদ্ধতা দূরীকরণে খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ
বলাশপুর ও ভাটিকাশরে জলাবদ্ধতা নিরসনে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে বলে সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে।
জলাবদ্ধতা নিরসনে ময়মনসিংহ নগরীর খালে অবৈধভাবে নির্মিত অবকাঠামো উচ্ছেদে অভিযান শুরু করেছে সিটি করপোরেশন।
বুধবার দুপুরে নগরীর মাসকান্দার আকুয়া খাল ও শেহড়া খালের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই নগরীর বেশকিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন লক্ষাধিক বাসিন্দা। বিশেষ করে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ভাটিকাশর ও বলাশপুর এলাকার প্রায় ৩০ হাজার মানুষ বছরের ছয় মাস জলাবদ্ধতায় থাকেন।
আকুয়া খালে চালানো উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী।
তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে শুরু হওয়া অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। তবে এর পুরোপুরি সুফল আসবে আগামী বর্ষায়।
“বলাশপুর ও ভাটিকাশর এলাকার জলাবদ্ধতার সমস্যা সমাধানে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। তবে এলাকাটি নিচু হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এর জন্য সিটি করপোরেশন আন্তরিকভাবে দুঃখিত।
জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অন্যথায় এর সুফল কোনোভাবেই আসবে না। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে খালে জলাবদ্ধতা তৈরি করা যাবে না। খালের জায়গা ছেড়ে বিল্ডিং কোড মেনে বাসাবাড়ি নির্মাণ করতে হবে।
এ সময় কাউন্সিলর কামাল হোসেন, মনোয়ার হোসেন বিপ্লব, প্রধান বর্জ্য কর্মকর্তা আরিফ হোসেন, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিবসহ করপোরেশনের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
