২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে অবকাঠামো রক্ষণাবেক্ষণে জোর পানিসম্পদ মন্ত্রীর

জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সিটি করপোরেশনকে শুরু থেকেই সম্পৃক্ত করা প্রয়োজন ছিল বলে মত শহীদউদ্দীন চৌধুরী এ্যানির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 09:57 PM

Updated : 23 Sep 2026, 09:57 PM

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি কাজ শেষে রক্ষণাবেক্ষণ এবং খালা-নালা ও ড্রেনেজ ব্যবস্থার আন্তঃসংযোগ নিশ্চিতের উপর জোর দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার বিকালে এক মত বিনিময় সভায় কথা বলছিলেন তিনি। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এ সভার আয়োজন করা হয়।

পানিসম্পদ মন্ত্রী বলেন, “চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, প্রকল্প শেষ হওয়ার পর সেটি কীভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হবে, পানি কীভাবে প্রবাহিত হবে এবং ছোট-বড় খাল, ড্রেন ও অন্যান্য জলপ্রবাহের মধ্যে কীভাবে কার্যকর সংযোগ থাকবে- এসব বিষয়ও পরিকল্পনার শুরুতেই বিবেচনায় নেওয়া প্রয়োজন ছিল।

“পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংস্থা জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। কিন্তু সিটি করপোরেশনকে শুরু থেকেই সমন্বিতভাবে প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন ছিল। কারণ প্রকল্প বাস্তবায়নের পর খাল, ড্রেন ও পানি নিষ্কাশন অবকাঠামোর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও দখলমুক্ত রাখার দায়িত্ব কার তা স্পষ্টভাবে নির্ধারণ না থাকলে বিপুল অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে।”

আগের পরিকল্পনায় সমন্বিত ব্যবস্থাপনার ঘাটতি থাকায় এখন বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করে কাজ করতে হচ্ছে বর্ণনা করে মন্ত্রী বলেন, “অতীতের সীমাবদ্ধতা নিয়ে পড়ে না থেকে বর্তমানে যে অবকাঠামো তৈরি হয়েছে, সেটিকে কার্যকর ও টেকসই করার দিকে নজর দিতে হবে। ভবিষ্যতে যাতে একটি প্রতিষ্ঠানের কাজ অন্য প্রতিষ্ঠানের কাজের সঙ্গে বিচ্ছিন্ন না থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।”

সভায় সিটি মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার এমডি সেলিম জানে আলম বক্তব্য দেন।