কুমিল্লায় কভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২
চট্টগ্রামমুখী লিচুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কভার্ড ভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কায় চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার সোয়াগাজি এলাকার এ ঘটনা ঘটে বলে জানান ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার।
নিহতরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার পাথরা গ্রামের ফারুক হোসেনের ছেলে ট্রাকচালক নাছিম (২৫) এবং একই জেলার মান্দা উপজেলার ভেবরা গ্রামের জিয়াউর রহমানের ছেলে মতিউর রহমান আলিফ (২৬)। মতিউর চালকের সহকারী ছিলেন।
ওসি ইকবাল বাহার বলেন, চট্টগ্রামমুখী লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লিচুবাহী ট্রাকের চালকসহ দুইজন মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে দুজনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি ইকবাল।
