নেত্রকোণায় সড়কে পড়েছিল নারীর লাশ, পাশে আহত শিশু
“ওই নারীকে হত্যার পর ফেলে রেখে গেছে কিনা, হত্যা হয়ে থাকলে কারা জড়িত কিংবা সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেলেন কিনা- এসব রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।”
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় গ্রামীণ সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার পাশ থেকে দুই বছরের এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামের একটি কাঁচা রাস্তা থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পূর্বধলা থানার ওসি মুহাম্মাদ রাশেদুল ইসলাম।
তিনি বলেন, আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। দুই বছর বয়সী শিশুটিকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, সকালে কাছিয়াকান্দা গ্রামের এক ব্যক্তি ওই নারী ও তার পাশে শিশুটিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে লোকজন পুলিশের খবর দেয়। পুলিশ দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন।
শিশুটি তখন অজ্ঞান ছিল। প্রাথমিত চিকিৎসা দেওয়ার পর শিশুটির জ্ঞান ফিরলে তাকে ময়মনসিংহে স্থানান্তর করা হয়।
পূর্বধলা থানার ওসি রাশেদুল বলেন, “ওই নারীর মাথায় বেশ কয়েকটি আঘাতের ক্ষত রয়েছে। আর শিশুটির মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে।”
মরদেহের ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, “নারীকে হত্যার পর ফেলে রেখে গেছে কিনা, হত্যা হয়ে থাকলে কারা জড়িত কিংবা সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেলেন কিনা- এসব রহস্য উন্মোচনে তদন্তের পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
