২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে পিকআপ চাপায় ৬ ভাইয়ের মৃত্যুতে চালকের আমৃত্যু কারাদণ্ড

“বিচারক বলেছেন, পরিবহন আইনের আওতায় এনে ৩০২ ধারা মতে আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।”

কক্সবাজারে পিকআপ চাপায় ৬ ভাইয়ের মৃত্যুতে চালকের আমৃত্যু কারাদণ্ড

রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আসামি সাহিদুল ইসলাম। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 04:27 PM

Updated : 11 Jun 2023, 05:06 PM

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় পিকআপ চাপায় ছয় ভাইয়ের মৃত্যুর ঘটনায় চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল রোববার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম জানান।

দণ্ডপ্রাপ্ত চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরপাড়া এলাকার আলী জাফরের ছেলে।

মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৫টায় ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার সংলগ্ন নার্সারি গেইট এলাকায় বাবার শ্রাদ্ধ উপলক্ষে নয় ভাই-বোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে সবজিবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই পাঁচ ভাই নিহত হন। আহত হন আরও তিন ভাই-বোন।

পরে ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক ভাই মারা যান।

নিহতরা হলেন- ডা. অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল, স্মরণ সুশীল ও রক্তিম সুশীল।

এ ঘটনার দুইদিন পর ১০ ফেব্রুয়ারি চকরিয়া থানায় নিহতদের ভাই প্লাবন সুশীল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ গাড়ির চালক ও মালিককে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চলতি বছরের ৯ ফেব্রুয়ারি চালককে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালত ১২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এতে ৩৪ জনকে সাক্ষী করা হয়।

Image

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচার কক্ষ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “মামলায় ৩৩ জন সাক্ষ্য প্রদান করেছেন। এতে আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে সমর্থ হয়েছেন। বিচারক আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন।“

ফরিদুল আলম আরও বলেন, “ রায় ঘোষণার সময় বিচারক বলেছেন, পরিবহন আইনের আওতায় এনে ৩০২ ধারা মতে আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।

“ঘটনার সময় দ্রুতগামী পিকআপ চাপায় কয়েকজন আহত হলেও গাড়ি থামিয়ে পেছনে এসে চালক আবার আহতদের চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেছে। যা স্বেচ্ছায় সজ্ঞানে করা হয়েছে। তাই ঘটনাটি পরিকল্পিত।“

মাত্র এক বছর চার মাসের মাথায় চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হল।