নাটোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
পুলিশ জানায়, আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানচালকের মৃত্যু হয়েছে; এ সময় একজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রান ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার এসআই আলীমুল ইসলাম জানান।
নিহত মোজাহার আলী ওরফে মোজা শেখ (৩৭) উপজেলার পারকোল এলাকার প্রয়াত শাহাদত আলীর ছেলে। আহত মিজান শেখের (৩৫) বাড়ি উপজেলার নূরদহ গ্রামে।
স্থানীয়দের বরাতে এসআই আলীমুল বলেন, একজন যাত্রীসহ ভ্যান নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় ওই ভ্যানচালক মোজা শেখ। পরে স্থানীয়রা আহত যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অজ্ঞাত ট্রাকটি চিহ্নিত এবং চালককে আটক করার চেষ্টা করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই।
