স্ত্রীকে নিয়ে সৈকতে বেরিয়ে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে খুন
কক্সবাজার শহরের কলাতলী সৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নববিবাহিতা স্ত্রীকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এসে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে খুন হয়েছেন এক হোটেল কর্মচারী। এ ঘটনায় নববধূসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
রোববার সন্ধ্যা ৭টার দিকে শহরের কলাতলী এলাকার সৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান।
নিহত আব্দুল কাদের (২৫) জেলার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের উপরপাড়ার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। তিনি কক্সবাজার শহরের কলাতলী এলাকার অভিজাত বেস্ট ওয়েস্টার্ন হোটেলের কর্মচারী ছিলেন।
আটক দুজন হলেন- আব্দুল কাদেরের স্ত্রী রামু উপজেলার রাজারকূল এলাকার বাসিন্দা তসলিমা আক্তার (২০) এবং হোটেল কর্মচারী তৌহিদুল ইসলাম মাঈন (২৩)।
ওসি রকিবুজ্জামান বলেন, কাদের ও তসলিমা একই হোটেলের কর্মচারী। পরিবারকে না জানিয়ে সম্প্রতি তারা বিয়ে করেন। তবে তারা নিজেদের পরিবারের সঙ্গেই থাকতেন।
“রোববার বিকালে কর্মস্থলের ছুটি শেষে তারা সৈকতে বেড়াতে যান। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে চারজন তাদের ঘিরে ধরে। এক পর্যায়ে তারা মোবাইল কেড়ে নিতে চাইলে কাদের বাধা দেন।
ওসি বলেন, এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে কাদেরকে কয়েকটি ছুরিকাঘাত করা হয়। পরে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা কাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত নয় বলে জানান ওসি।
পুলিশ হেফাজতে নেওয়ার আগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিহতের স্ত্রী তসলিমা আক্তার সাংবাদিকদের বলেন, ২ জুন পরিবারকে না জানিয়ে তারা বিয়ে করেন। কথা ছিল, উভয়ে একটু আর্থিক দিক থেকে স্বচ্ছল হয়ে সামাজিকভাবে বিয়ের আয়োজন করবেন।
“রোববার সন্ধ্যায় সৈকতে গিয়ে আমরা মোবাইলে লুডু খেলি। এক পর্যায়ে সৈকতের জেলেদের কাছ থেকে মাছ কিনি। ফেরার পথে ৪-৫ জন আমাদের ঘিরে ধরে। তারা আমার স্বামীর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন সে বাধা দেয়।
“এ সময় তার সঙ্গে ওই লোকেদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা কাদেরকে কয়েকটি ছুরিকাঘাত করে মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়”, বলেন তসলিমা আক্তার।
পুলিশ জানায়, এরই মধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
