২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে প্রাণ গেল নারীর

স্থানীয়রা বলছেন, আধিপত্য বিস্তার নিয়ে সায়দাবাদ এবং বালুরচর এলাকার লোকজনের মধ্যে বিরোধ চলছিল।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 01:23 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

সোমবার সকালে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ সংঘর্ষ ঘটে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

নিহত ৫০ বছর বয়সী মোমেনা খাতুন সায়দাবাদ এলাকার আক্তার মিয়ার স্ত্রী।

তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা বলছেন, কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে সায়দাবাদ এবং বালুরচর এলাকার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে ভোরে বালুরচরের লোকজন সায়দাবাদ গ্রামে গিয়ে অতর্কিত হামলা চালায়। পরে উভয় পক্ষের সংঘর্ষের মধ্যে সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামের এক নারী নিহত হন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন জানান।