রাতে বিক্ষোভের পর সকালে প্রবেশপত্র পেল গাইবান্ধার অর্ধশতাধিক পরীক্ষার্থী
ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম ইউ একাডেমী উচ্চ বিদ্যালয়ের ১৫০ পরীক্ষার্থীর ভুলে ভরা প্রবেশপ্রত্র সংশোধন করা হয়েছে।
রাতে বিক্ষোভের পর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুই শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক পরীক্ষার্থী প্রবেশপত্র হাতে পেয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাকিবুল হাসান বলেন, “জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং গৃরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী পলাশবাড়ী এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয়।”
প্রবেশপত্র না পাওয়ায় গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা সোমবার রাতে পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাতেই প্রবেশপত্র প্রদানের আশ্বাস দিলে সোয়া ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।
এদিকে প্রবেশপ্রত্র না পাওয়ায় জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী ও তাদের অভিভাবক সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় অবস্থান নেন।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে রাতেই শিক্ষার্থীদের নিকট প্রবেশপত্র পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এবং পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, প্রবেশপত্র বিতরণে গাফিলতির বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম ইউ একাডেমী উচ্চ বিদ্যালয়ের ১৫০ পরীক্ষার্থীর ভুলে ভরা প্রবেশপ্রত্র সংশোধন করা হয়েছে। ওই সংশোধিত প্রবেশপত্র নিয়েই পরীক্ষার্থীরা কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিয়েছে।
কঞ্চিপাড়া এম ইউ একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান সরকার বলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার্থীদের প্রবেশপত্রের ভুলগুলো ঠিক করে দিয়েছেন। পরে রাতেই সংশোধিত প্রবেশপত্র শিক্ষার্থীদের দেওয়া হয়েছে।
গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, প্রবেশপত্র বিতরণের গাফলতি ও অনিয়মের ঘটনায় জুনদহ উচ্চ বিদ্যালয় ও গৃরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া কঞ্চিপাড়া এম ইউ একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলমান আছে।
আরও পড়ুন:
