২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষার আগের রাতে প্রবেশপত্রের জন্য গাইবান্ধায় মহাসড়ক অবরোধ

গৃরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও জুনদহ উচ্চ বিদ্যালয়ের মোট ৬৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পায়নি।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 12:10 AM

Updated : 26 Aug 2026, 03:27 PM

এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের জন্য গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গৃরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ২৯ পরীক্ষার্থী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

পরীক্ষার কয়েক ঘণ্টা আগে সোমবার রাত সোয়া ৯টায় পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে তারা। 

এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাতেই প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দিলে সোয়া ঘণ্টা পর সড়ক থেকে সরে যায় আন্দোলনকারী পরীক্ষার্থীরা।

এদিকে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রবেশপ্রত্র না পাওয়ায় একই উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী ও তাদের অভিভাবক ইউএনও কার্যালয়ের বারান্দায় অবস্থান নেন। 

রাতে প্রবেশপত্রের জন্য রাস্তায় নেমে আসে গৃরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, রাত পোহালেই তাদের এসএসসি পরীক্ষা। এখনও প্রবেশপত্র পায়নি তারা। এ কারণে অভিভাবকদের নিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে তারা।

রাত পৌনে ১০টার দিকে ইউএনও শেখ জাবের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান ও পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম খান ঘটনাস্থলে উপস্থিত হন। 

তখন ইউএনও শেখ জাবের আহমেদ সাংবাদিকদের বলেন, “পরীক্ষার আগেই প্রবেশপত্র শিক্ষার্থীদের দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।” 

পলাশবাড়ী উপজেলার গৃরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও জুনদহ উচ্চ বিদ্যালয়ের মোট ৬৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পায়নি। 

এ ছাড়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম ইউ একাডেমী উচ্চ বিদ্যালয়ের ১৫০ জন পরীক্ষার্থীর হাতে ভুলে ভরা প্রবেশপ্রত্র দেওয়া হয়েছে। এসব প্রবেশপত্রে কারো বিজ্ঞান বিভাগের স্থানে মানবিক বিভাগ, ছেলে পরীক্ষার্থীর স্থলে মেয়ের ছবি, আবার কারো মা বা বাবার নাম ভুল। আবার কিছু পরীক্ষার্থীর প্রবেশপত্র এখনও পায়নি। এসব নিয়ে দিনভর পরীক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। 

ভেতরে থাকবে-

এখনও এসএসসির প্রবেশপত্র পায়নি গাইবান্ধার অর্ধশতাধিক পরীক্ষার্থী