২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না’, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে মাহফুজ

বুধবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না’, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে মাহফুজ
বুধবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2025, 07:52 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ‘সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেছেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার মনে করছে যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া, আর দেশি-বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টেকহোল্ডার রয়েছে- তাদের পরামর্শ ছাড়া সরকার একা এই সিদ্ধান্ত নিতে পারে না। 

“জনগণ বারবার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। আমরা মনে করছি, সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেবে।”

বুধবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিন তিনি তার গ্রামের বাড়িতে এসে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করেন। পরে তার দাদা-দাদির কবর জিয়ারত করেন।

এরপর তিনি ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামীয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। 

পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ‘টাইমলাইন’ নিয়ে বলেন, “প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন দেবেন। এটি হচ্ছে সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে- তার ওপর নির্ভর করবে৷ এর ভেতরেই নির্বাচন আমরা সীমিত রাখি। এর বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই। 

“আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই, যে কবে নির্বাচন হবে? নির্বাচন দেবে কি, দেবে না? অবশ্যই নির্বাচন হবে। ডিসেম্বর অথবা জুন দুইটা টাইমলাইন আছে, এই টাইমলাইনের ভেতরেই হয়ে যাবে। এ কথার বাইরে সরকার হয়তো যাবে না। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে।”

এ সময় মাহফুজ আলমের বাবা এবং ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটি-এনসিপির সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ উপস্থিত ছিলেন।