৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে কাজ চলছে: শিল্প পুলিশের ডিআইজি

“শিল্প কারখানাগুলো একসঙ্গে ছুটি না দিয়ে ধাপে ধাপে ঈদের ছুটি ঘোষণার বিষয়ে মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2024, 07:43 PM

Updated : 04 Apr 2024, 01:24 PM

ঈদের আগে পোশাক খাতসহ সব শিল্প কারখানার শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় একটি কারখানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “যে সব কারখানা বেতন-বোনাস পরিশোধ নিয়ে সমস্যা তৈরি হতে পারে, সেসব কারখানার তালিকা আমাদের কাছে আছে। আমরা ওইসব কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি।

“বেতন-ভাতা নিয়ে যাতে কোনো প্রকার শ্রমিক অসন্তোষ তৈরি না হয় তা নিশ্চিতে কাজ করছি। এরই মধ্যে শ্রমিক-মালিক প্রতিনিধিসহ সব অংশীদারদের নিয়ে একাধিক বৈঠকও হয়েছে।”

শিল্প পুলিশের ডিআইজি বলেন, “শিল্প কারখানাগুলো একসঙ্গে ছুটি না দিয়ে ধাপে ধাপে ঈদের ছুটি ঘোষণা করলে সড়কে ঘরমুখো মানুষের চাপ কমবে। এতে যানজটও কম হবে। এ বিষয়ে কারখানাগুলোর মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

এ সময় শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর এসপি শারমিন আক্তার উপস্থিত ছিলেন।