১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিল বকেয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বিদ্যুৎবিচ্ছিন্ন

কুষ্টিয়া মেডিকেল কলেজে ৩০ লাখ টাকা এবং হাসপাতাল ভবনে ৩৬ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।

বিল বকেয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বিদ্যুৎবিচ্ছিন্ন
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 07:48 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

৬৫ লাখ টাকার বিল বকেয়া থাকায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুর ১২টায় ওই মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ কুষ্টিয়ার ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী জানান। 

ওজোপাডিকোর তথ্য মতে, গত বছরের ১৪ নভেম্বর কুষ্টিয়া মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে চলতি বছর ২৪ মে পর্যন্ত ৩০ লাখ টাকা বিল বকেয়া পড়ে। 

একই ভাবে চলতি বছরের ২৪ জানুয়ারি হাসপাতাল ভবনে বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে সেখানে রোগী ভর্তিসহ চিকিৎসা সেবা চালু না হলেও ওই ভবনের বকেয়া বিদ্যুৎ বিল হয়েছে ৩৬ লাখ টাকা। 

নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, “সংযোগ নেওয়ার পর থেকে প্রতি মাসেই বিদ্যুৎ বিল পরিশোধের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিল পরিশোধে ব্যর্থ হয়। 

“ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিশেষে উভয় পক্ষের মধ্যে আলোচনা করে চলতি জুন-২৪ এর মধ্যে সব বকেয়া বিল পরিশোধ করার শর্তে আবার পুনঃসংযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

এ বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম বলেন, “বকেয়া পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ মাসের মধ্যেই অন্তত কিছু বিল পরিশোধের মাধ্যমে সংযোগটি হালনাগাদ করা হবে বলে বিদ্যুৎ বিভাগের সঙ্গে একটা সমঝোতা হয়েছে।” 

খুব শিগগির সমস্যা কাটিয়ে উঠতে পারবেন বলে আশা এই পরিচালকের।