২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে জাতীয় পার্টির ৬১ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা বলেন, “তারা কেউই গুরত্বপূর্ণ পদে ছিল না। এতে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 04:45 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

খাগড়াছড়িতে জাতীয় পার্টির পদধারীসহ ৬১ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। 

শনিবার রাত ৮টার দিকে জেলা সদরের কলাবাগান এলাকার বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার বাসভবনে গিয়ে ফুলের তোড়া দিয়ে দল পরিবর্তনের এ ঘোষণা দেন তারা।  

পরে ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপি নেতাকর্মীরা।

বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে আছেন, দিঘীনালা উপজেলা জাতীয় পার্টির জেষ্ঠ্য সহসভপতি মো. চান মিয়া, সহসভাপতি খলিলুর রহমান, দফতর সম্পাদক রফিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আজিজ কবিরাজ। 

এ সময় মো. চান মিয়া বলেন, "ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেসব আমাদের এলাকায় সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তাই আমরা আজ বিএনপিতে যোগ দিয়েছি। " 

তবে এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টি খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং আসন্ন নির্বাচনে মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা বলেন, “কয়েকজন দল পরিবর্তন করতেই পারে। তারা কেউই গুরত্বপূর্ণ পদে ছিল না। ফলে এতে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। দল পরিবর্তনকারীদের মধ্যে শুধু একজনই এক্টিভ ছিল বাকিদের আমি চিনিই না।"