২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

তরুণীর অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট করতে না চাওয়ায় তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন আবু হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 09:02 PM

Updated : 24 Sep 2026, 09:02 PM

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. আবু হানিফ (৩৩) উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের বাসিন্দা। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ২০ বছরের এক তরুণী হানিফের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযান চালিয়ে বুধবার রাতে বাড়ি থেকে আবু হানিফকে গ্রেপ্তার করা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

মামলার বরাতে পুলিশ জানায়, আত্মীয়তার সুবাদে তরুণীর সঙ্গে আবু হানিফের পরিচয় হয়। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করা হয়। বর্তমানে তরুণী ছয় মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু হানিফ তাকে বিয়ে করতে চাচ্ছেন না।

তরুণীর অভিযোগ, বিয়ের বিষয়টি নাকচ করে উল্টো গর্ভের সন্তান নষ্ট করতে তাকে বারবার হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন হানিফ। তাতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় মারধরও করা হয়।

ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, “তরুণীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।”