২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে আবদুল আউয়াল মিন্টুসহ ৩৪৬ জনের নামে মামলা

সোনাগাজীর আঞ্চলিক হাঁস প্রজনন খামারের সামনে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে সোমবার বিকালে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 12:36 AM

Updated : 31 Aug 2022, 12:48 AM

ফেনীর সোনাগাজীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ প্রায় সাড়ে তিনশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ জনের নাম উল্লেখ করে এবং বাকিদের অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়।

সোনাগাজী মডেল থানার এসআই সৌরজিৎ বডুয়া ও এসআই মাঈন উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে এই দুটি মামলা দায়ের করেন।

ওই দুই মামলায় রিপন (২৮) নামে এক জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন।

ওসি জানান, মামলায় আবদুল আউয়াল মিন্টু ছাড়াও সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা যুবদল সভাপতি খোরশেদ আলমসহ ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে সোমবার বিকালে সোনাগাজী উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

সোমবার সোনাগাজীর আঞ্চলিক হাঁস প্রজনন খামারের সামনে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এ সময় বিএনপির সাত নেতাকর্মী আহত হন বলে দলের নেতাদের দাবি।

সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৬০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট করেছে। হামলায় জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান, থানা পুলিশের এসআই আরিফুল ইসলাম দোলনসহ পাঁচ পুলিশ আহত হন।