টাঙ্গাইলে বাগান থেকে তরুণের লাশ উদ্ধার
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি গাছের বাগান থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রামে লাশটি পাওয়া যায় বলে কালিহাতী থানার ওসি কামরুল ফারুক জানান।
নিহত ফয়সাল হোসেন (১৮) ওই ইউনিয়নের টুনি মগড়া গ্রামের রমজান আলীর ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি কামরুল বলেন, শুক্রবার সন্ধ্যায় নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ফয়সাল। এরপর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়।
সকালে স্থানীয় লোকজন ধলাটেঙ্গর গ্রামের একটি বাগানে ফয়সালের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
তিনি আরও বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখেছে।”
ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে; এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বরে জানান পুলিশের এই কর্মকর্তা।
