মাটির দেয়াল ধসে বড় ভাই নিহত, আহত ছোট ভাই
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ছোট ভাই।
উপজেলার দিঘধা গ্রামে শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে কাপাসিয়া ফায়ার স্টেশন অফিসার মো. সাবেদ আলী খান জানান।
নিহত মো. নাঈম হোসেন (২৯) ওই গ্রামের কাচারি মোড় এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে।
আহত মো. নাদিমকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
সাবেদ বলেন, নাঈমদের দুটি মাটির ঘর রয়েছে। একটিতে সে ও তার ছোট ভাই এবং আরেকটিতে তাদের বাবা-মা থাকে। শুক্রবার রাত ১১টার দিকে নাঈম ও নাদিম তাদের ঘরে ঘুমাতে যান। রাত ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘরের দেয়াল ধসে পড়ে।
“এ সময় মাটির একটি বড় খণ্ডের নিচে চাপা পড়ে নাঈম।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাবেদ আলী খান বলেন, “আমরা রাত ১২টা ১৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় নাদিমকে একটি বড় মাটির খণ্ডের নিচে চাপা পড়ে থাকতে দেখা যায়। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।”
