২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরার লাইগ্যা এইটা একটা উৎসব’

নেত্রকোণায় ছয় উপজেলার নয়টি ঘাটে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমীর স্নান হয় বুধবার।

‘আমরার লাইগ্যা এইটা একটা উৎসব’

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় উব্ধাখালি নদীর মল্লিকচর ঘাটে মহা অষ্টমীর স্নান।

লাভলু পাল চৌধুরী

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2023, 09:34 PM

Updated : 29 Mar 2023, 09:34 PM

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের খোকন দাস স্ত্রী, দুই ছেলে-মেয়েকে নিয়ে উব্ধাখালি নদীর মল্লিকচর ঘাটে মহা অষ্টমীর স্নান করতে এসেছেন। স্নান শেষে ঘাট পাড় থেকে কিছু মিষ্টান্ন জাতীয় জিনিস কিনে সেখানে বসেই খাচ্ছিলেন।

খোকন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে এসে বেলপাতা, দুর্বা, ফুল দিয়ে পুরোহিতের মন্ত্র উচ্ছারণ করে পরিবারের সদস্যদের নিয়ে নদীতে ডুব দিয়ে স্নান সারলাম। এই স্নানে অনেক পূণ্যলাভ হয়। স্নানের সময় প্রার্থনা করেছি, দেশের মঙ্গল কামনা করেছি।”

একই ঘাটে পূণ্যস্নানে এসেছেন কলমাকান্দা সদরের অনিতা সরকার ও তার পরিবারের সদস্যরা।

অনিতা বলেন, “আজ আবহাওয়া খারাপ। ভোর থেকেই বৃষ্টি হচ্ছে, দমকা বাতাস সঙ্গে থেমে থেমে বজ্রপাত হচ্ছে। তবুও আমরা আইছি। এই ছান করলে সব পাপ ধুয়ে-মুছে যায়, জীবন শুদ্ধ হয়। এইটা আমরার ধর্মীয় বিশ্বাস। আমরা তা হৃদয়ে লালন করি।“

একই উপজেলার কেশবপুর গ্রামের সবিতা বর্মণ। তিনিও একইঘাটে পূজা-অর্চনা সেরে মহা অষ্টমীর স্নান করেন।

তিনি বলেন, “বছরভর অপেক্ষায় থাকি এই স্নানের আশায়। স্নান করে মনের আশা পূর্ণ হইছে। নদীর পাড়েই গ্রামীণ মেলা বসেছে। মেলায় বাঁশ-বেত, কাঠের তৈরি জিনিসপত্র নিয়া দোকানিরা বসেছে। সেখান থেকে কিছু জিনিসপত্র কিনছি। আমরার লাইগ্যা এইটা একটা উৎসব। অনেক আনন্দ করছি। চেনাজানা অনেকে সঙ্গে ঘাটে দেখা হইছে। অনেক ভাল লাগতাছে।“

নেত্রকোণায় ছয় উপজেলার নয়টি ঘাটে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমীর স্নান হয় বুধবার।

মঙ্গলবার রাত ৯টা ১৮ মিনিটে অষ্টমী স্নানের তিথি শুরু হয়েছে৷ শেষ হবে বুধবার রাত ১০টা ৪৭ মিনিটে। এ সময়ের মধ্যে দেশ ও দেশের বাইরে থেকে আগত পূণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদে স্নান করবেন বলে জানান পুরোহিতরা।

কলমাকান্দার মল্লিকচর ঘাটে আসা পূণ্যার্থীরা বলছেন, খারাপ আবহাওয়ার মাঝেও চার থেকে পাঁচ হাজার মানুষ ভোর থেকে এখানে স্নান সেরেছেন।

পাগলা এলাকার ভুবন সরকার বলেন, “আমি ভোর ৬টার দিকে নদীর ঘাটে আইছি। তখন থেকেই মানুষের ভীড় হইতাছে। এইহানে অন্যবার আট থেকে ১০ হাজার মানুষ স্নান করে। এইবার বৃষ্টি বেশি। তবুও অন্তত পাঁচ হাজার মানুষ স্নান করছে।” 

বুধবার সকাল থেকে সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থীরা জেলার বিভিন্ন স্থান থেকে এখানে এসে জড়ো হন। পরে তারা সেখানে পূজা-অর্চনা ও গীতপাঠ করেন।

নেত্রকোণা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত জানান, সদর উপজেলার ঠাকুরাকোণায় কংস নদী ঘাট, দুর্গাপুরের সোমেশ্বরী ও ঝাঞ্জাইল বাজারের কংস নদের ঘাট, কেন্দুয়ার গোগবাজারে ধলাই নদীর ত্রিবেণী ঘাট, কলমাকান্দা সদরের উব্ধাখালি নদীর পাড়ে মল্লিকচর ও কেশবপুর ঘাটসহ মোহনগঞ্জ ও খালিয়াজুরীর ঘাটগুলোতে এই পূণ্যস্নান হচ্ছে।

স্নান উপলক্ষে ঘাটগুলোর পাশে বসেছে গ্রামীণ মেলা। এসব মেলায় নানা ধরনের মিষ্টান্ন জাতীয় দ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী ও শিশুদের খেলার জিনিসপত্র বেচা-কেনা হচ্ছে।

মেলায় স্থানীয়ভাবে তৈরি বাঁশের বাঁশি, মাটির হাঁড়ি, থালা, দেব-দেবীর মূর্তি, পুতুল, বাঘ, আম, নৌকা ইত্যাদির পসরা সাজিয়েছেন বিক্রেতারা। বাঁশির সুর, ঢোলের শব্দ ও নারী-পুরুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ঘাটগুলো।

এ ছাড়া রয়েছে ফলমূল, নানা জাতের চাল, পাখি, মুড়ি-মুড়কি, খই, দই, চিড়া।