গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
শনিবার রাত ২টার দিকে গ্রামীণ ব্যাংকের শ্রীপুরের বারাতোপা শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বিকট শব্দে বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গ্রামীণ ব্যাংকের শ্রীপুরের এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক রোববার দুপুরে বলেন, শনিবার রাত ২টার দিকে গ্রামীণ ব্যাংকের বারাতোপা শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ব্যাংকের সাইনবোর্ডটির কিছু অংশ পুড়ে গেছে।
খবর পেয়ে শ্রীপুর থানা এবং মাওনা পুলিশ ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ব্যাংকের কমকর্তা-কর্মচারীরা প্রায়ই ব্যাংকেই রাতযাপন করেন। এদিনও শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দৈনন্দিন কাজ শেষে আমরা ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে পড়ি।
“সে সময় আমার সঙ্গে আরও চারজন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। ব্যাংকের সীমানা প্রাচীরের ভেতরে এবং বাইরে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করলে বিস্ফোরিত হয়ে বিকট শব্দ হয়। শব্দে ঘুম ভেঙে যায়। আশপাশের লোকজন এগিয়ে আসে।”
তিনি বলেন, “তারা প্রধান ফটকে আগুন দেখতে পান। ব্যাংকের সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে কাঁচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও ব্যাংকের সাইনবোর্ডটির কিছু অংশ পুড়ে গেছে।”
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, “গ্রামীণ ব্যাংকের বারাতোপা ব্রাঞ্চের গেইটের বাইরে কে বা কারা পটকা ফুটিয়ে থাকতে পারে। তাদের পক্ষ থেকে এখনও অভিযোগ করা হয়নি। আমিসহ মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “পুলিশের টহল জোরদার থাকায় বড় ধরনের কোনো নাশকতা হয়নি। ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। কারা হামলা চালিয়েছে, তা জানতে তদন্ত শুরু করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।”
