কোটা: ৬ ঘণ্টা ধরে কুমিল্লার মহাসড়কে শিক্ষার্থীরা, দীর্ঘ যানজট
রাত ১০টার দিকে ওসি জানান, মহাসড়কের উভয়মুখী লেনে অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার পরও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে প্রায় ৬ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কুমিল্লার কোটবাড়ি এলাকায় এ অবরোধে মহাসড়কের উভয়মুখী লেনে অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে এই বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। টানা ছয় ঘণ্টার অবরোধ শেষে রাত সাড়ে ১০টায় তার মহাসড়ক ছাড়েন।
রাত ১১টার দিকে ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, “শিক্ষার্থীদের অবরোধে যানবাহনের দীর্ঘজট লাগায় মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
“রাত সাড়ে ১০টায় তারা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। তবে দীর্ঘ জটের কারণে গাড়ির গতি এখনও ধীর।”
তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ মহাসড়কে তৎপর রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এর আগে বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে গেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস ও ফাঁকা গুলি করে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনায় পুলিশ সদস্য ও শিক্ষার্থী মিলিয়ে ১৫ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় কোটবাড়িতে অবরোধস্থলে গিয়েছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন। তখন শিক্ষার্থীদের তোপের মুখে তিনি অবরোধস্থল ত্যাগ করতে বাধ্য হন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রশ্ন, বিকালে আনসার ক্যাম্পের সামনে যখন পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিপেটা করেন, তখন উপাচার্য কোথায় ছিলেন। এজন্য শিক্ষার্থীরা তাকে তোপের মুখে ফেলে।
উপাচার্য এ এফ এম আবদুল মঈন বলেন, “সন্তানতুল্য শিক্ষার্থীরা আহত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। পুলিশের কাঁদুনে গ্যাসের শেল ও লাঠিপেটায় আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে কোটবাড়ি বিশ্বরোড গিয়েছি। জেলা পুলিশ সুপারকে কল করে বিষয়টি জানিয়েছি। পরে শিক্ষার্থীদের পথ ছেড়ে দেয় পুলিশ। ”
