২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি আহত

মিয়ানমার থেকে চোরাই পথে গরু আনতে গিয়ে তারা আহত হতে পারেন, বলছেন স্থানীয় ইউপি সদস্য।

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি আহত
মাইন বিস্ফোরণে আহত দুইজনকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 01:05 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের ৩২ ও ৩৩ নম্বর পিলারের মাঝামাঝি এলাকা সংলগ্ন মিয়ানমারে এ ঘটনা বলে জানিয়েছেন ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলম।

আহতরা হলেন, ওই ইউনিয়নের তমব্রু পশ্চিমকূল এলাকার হাবিবুর রহমানের ছেলে নবী হোসেন ওরফে সোনা মিয়া (১৬) এবং একই এলাকার আবুল কালামের ছেলে আবু তাহের (৩০)।

স্থানীয়দের বরাতে মোহাম্মদ আলম বলেন, শুক্রবার রাতে সীমান্তের ৩২ ও ৩৩ নম্বর পিলার সংলগ্ন মিয়ানমারের ভেতরে আকস্মিক বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে মিয়ানমার থেকে আহত দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় আসতে দেখেন স্থানীয়রা।

আহতদের স্বজনরা জানান, নবী হোসেন ওরফে সোনা মিয়ার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। এছাড়া আবু তাহেরও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। 

স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। 

স্থানীয় এ ইউপি সদস্য বলেন, “প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে, তাতে ধারণা করা হচ্ছে মিয়ানমার থেকে চোরাই পথে গরু আনতে গিয়ে বাংলাদেশি এ দুই নাগরিক আহত হয়েছেন। “

তবে রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত দু’জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়নি।