গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বাড়ির পাশে একটি পুকুরে ডুবে মিজানুর ও জান্নাতির মৃত্যু হয়।
গাইবান্ধার সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম সবুজ জানান।
নিহত মিজানুর রহমান (৪) ওই গ্রামের আনছার আলীর ছেলে এবং জান্নাতি আক্তার (৪) একই গ্রামের আজাদুল ইসলামের মেয়ে। সম্পর্কে তারা মামা-ভাগ্নি।
ইউপি সদস্য শফিকুল ইসলাম সবুজ বলেন, দুপুরে মিজানুর ও জান্নাতি বাড়ির উঠানে খেলা করছিল। এরই মধ্যে সবার অজান্তে নিখোঁজ হয় তারা।
তিনি আরও বলেন, হঠাৎ তাদের দেখতে না পেয়ে খুঁজতে থাকেন স্বজনরা। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান তারা।
পরে মিজানুর ও জান্নাতি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
