নড়িয়ায় আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ২০
স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন মোস্তফা ও যুবলীগ নেতা ইউনুস শেখের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
আধিপত্য বিস্তার ও জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধাবার সন্ধ্যায় নড়িয়া শহরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে নড়িয়া থানার এ এস আই ফরহাদ, কনস্টেবেল জুয়েল, রাকিব (১৯), সিহাব (১৮), মাছুম (৪৮), ইমান হোসেন (২৪), সম্রাট হোসেন (২৭), জাহ্ঙ্গাীর হোসেনকে (২৬) নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। আহত সবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার অধিপত্য ও জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নড়িয়া উপজেলার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুন মোস্তফা ও নড়িয়া পৌরসভার সাবেক যুবলীগের সভাপতি মো. ইউনুস শেখ নির্বাচন করেন। দুজনই নির্বাচনে হেরে যান।
নির্বাচনের দ্বন্দ্বের জের ধরে তাদের মধ্যে নড়িয়া ব্রিজের কাছে ধাওয়া পাল্টা ধাওয়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দুপক্ষের সমর্থকরা দেশি অস্ত্র-শস্ত্র ও গোলাবারুদ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রায় ৩০/৪০ রাউন্ড গুলি ছোড়ে।
নড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও নড়িয়া উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুন মোস্তফা বলেন, তার অনুসারীরা নড়িয়া বাজারে গেলেই অপমান করে মোক্তারেরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাদশা শেখের ছেলে মো. ইউনুস শেখ ও তার লোকজন।
“আজ আমি মোটরসাইকেল করে নড়িয়া যাওয়া সময় আমার মোটরসাইকেলের পিছনে এক যুবলীগ নেতা ছিল। তাকে মারধর করে ইউনুস শেখসহ তার সমর্থকরা। এর জের ধরে সংঘর্ষ শুরু হয়।”
অভিযোগ অস্বীকার করে নড়িয়া পৌরসভার সাবেক যুবলীগের সভাপতি মো. ইউনুস শেখ বলেন, মামুন মোস্তফার ভাই আমার সমর্থককে মোটরসাইকেল থেকে নামিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে। এর জের ধরে সংর্ঘষ হয়।”
নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুন মোস্তফা ও নড়িয়া পৌরসভার সাবেক যুবলীগের সভাপতি মো. ইউনুস শেখের সমর্থদের মধ্যে সংঘর্ষ হয়।
এতে নড়িয়া থানার এ এস আই ফরহাদ, কনস্টেবেল জুয়েলসহ বেশ কয়েকজন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০/৩৫ রাউন্ড গুলি ছোড়ে।
পরবর্তী সহিংসতা রোধে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
