২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সিটির গৃহকর পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত

৩১ জুলাইয়ের মধ্যে বকেয়া কর প্রদানের আহ্বান জানান মেয়র।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2024, 11:18 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

নাগরিকদের অসন্তোষের মুখে ২৭টি ওয়ার্ডের গৃহকর বাতিল করে পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি করপোরেশন। 

শুক্রবার রাত ৮টার দিকে নগর ভবনে এক জরুরি সভা শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সিটি করপোরেশনটির মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। 

এর আগে মেয়রের সভাপতিত্বে সভায় কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে ২৭ ওয়ার্ডে আগের নির্ধারিত গৃহকর বাতিল করে নতুন অন্তর্ভুক্ত ১৫টিসহ ৪২টি ওয়ার্ডের কর পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত হয়। 

সংবাদ সম্মেলনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, নতুন অন্তর্ভুক্ত ১৫টি ওয়ার্ডের কর পুনর্মূল্যায়ন কাজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

৩১ জুলাইয়ের মধ্যে বকেয়া কর প্রদানের জন্য আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, “কাউন্সিলরদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সম্মানিত নাগরিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে ২৭টি ওয়ার্ডের গৃহকর বাতিল করে রি-অ্যাসেসমেন্ট করা হবে।”

সিলেট সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের তথ্যমতে, ২০১৯-২০ সালে মাঠপর্যায়ে অনুসন্ধান শেষে হোল্ডিং সংখ্যা পুনর্র্নিধারিত হয়। এতে পুরোনো ২৭টি ওয়ার্ডে হোল্ডিং নির্ধারিত হয় ৭৫ হাজার ৪৩০টি। এসবের গৃহকর আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১১৩ কোটি ২৭ লাখ ৭ হাজার ৪০০ টাকা। নতুন গৃহকর ধার্যের সময় ধরা হয় ২০২১-২২ সাল। সেই করারোপের তালিকাই ৩০ এপ্রিল প্রকাশ করা হয়েছে। তবে নতুনভাবে যুক্ত হওয়া ১৫টি ওয়ার্ডের হোল্ডিংয়ের সংখ্যা বর্তমান তালিকায় আসেনি। 

নতুন গৃহকরে আবাসিক ভবনের প্রতি বর্গফুট পাঁচ টাকা এবং বাণিজ্যিক ভবনের প্রতি বর্গফুটের জন্য আট টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে আবাসিক ভবনের প্রতি বর্গফুট তিন টাকা ও বাণিজ্যিক ভবনের প্রতি বর্গফুটের জন্য পাঁচ টাকা নির্ধারিত ছিল। তবে মেয়রের কাছে আবেদন করে নির্ধারিত থেকে অনেকে কম গৃহকর দিতেন। 

সিলেট নগরীর নতুন গৃহকর নিয়ে নাগরিকদের ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্ধারিত গৃহকর বাতিলের দাবি জানান। 

তবে এ নিয়ে নাগরিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। 

তিনি বলেন, “হোল্ডিং ট্যাক্স নিয়ে যদি কোনো অসংগতি বা অমিল পাওয়া যায় অবশ্যই ফরম-ডি এর মাধ্যমে আপত্তি করার সুযোগ রয়েছে। জনগণের ভোগান্তি বা কষ্ট হয় এমন কোনো কাগজে আমি স্বাক্ষর করব না। নগরবাসীর সঙ্গে আলোচনা করে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাব।” 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, “আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। নগরীর সর্বস্তরের জনগণ মেয়র পদে আমাকে নির্বাচিত করেছেন। জনগণের ভোগান্তি বা ক্ষতি হয় এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না।” 

এসব বিষয় নিয়ে শুক্রবারের সংবাদ সম্মেলনে মেয়র আরও বলেন, “এর আগে আমি সম্মানিত নাগরিকদের কাছে বারবার বলেছিলাম যে, জনগণের জন্য অকল্যাণ হয় এমন কোনো সিদ্ধান্ত আমি নেব না। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব তাদের মতামতকে মূল্যায়ন করার। জনগণ ও কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে চলমান অ্যাসেসমেন্ট বাতিল করে নতুন করে রি-অ্যাসেসমেন্ট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বকেয়া হোল্ডিং ট্যাক্স প্রদানের জন্য নগরবাসীকে অনুরোধ জানান তিনি। 

“চলমান অ্যাসেসমেন্ট নিয়ে নাগরিকরা খুবই ধৈর্যশীলতার সঙ্গে আমার অনুরোধ রেখেছেন।” 

এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। 

মেয়র আরও বলেন, “নগরবাসীকে সঙ্গে নগরীর কল্যাণে নিয়ে যেকোনো প্রতিকূল পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। জনগণের প্রতিষ্ঠানে জনমত প্রাধান্য পাবে।” 

সংবাদ সম্মেলনে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলররা ছাড়াও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান,সচিবসহ বিভিন্ন শাখার কর্মকর্তারা ছিলেন।