২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে যুবক-কিশোর-কিশোরীর ‘আত্মহত্যা’

ঘটনাগুলোর প্রকৃত কারণ খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলার এসপি।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 08:26 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে সদর উপজেলায় যুবক- কিশোরী ও পীরগঞ্জে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

পারিবারিক কলহের জেরে ওই দুইজন আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ। 

নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা গ্রামের রাজু আহমেদ (২৬), সদরের আক্চা ইউনিয়নের পূজা রাণী (১৫) ও পীরগঞ্জ উপজেলার করনা ছোট মহেশপুর গ্রামে আসাদুল (১১)। 

তবে কিশোরীটির ‘আত্মহত্যার’ কারণ বলতে পারছে না পুলিশ।  

পরিবারের বরাত দিয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, দুই বছর আগে সদরের লস্করা পুকুরপাড়ার আব্দুল খালেকের মেয়ে রাণীর সঙ্গে বিয়ে হয় ২৬ বছর বয়সি রাজু আহমেদের। রাজু শ্বশুরবাড়িতেই থাকতেন। 

শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয়। ওই রাতে দুজন আলাদা ঘরে ঘুমাতে যান। 

রোববার সকালে রাণী তার স্বামীকে ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ পান। 

অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিবারের সদস্য দরজা ভেঙে রাজুকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পান।

ওসি শহিদুর রহমান বলেন, অন্যদিকে বাড়িতে কেউ না  থাকার সুযোগে সদর উপজেলার আক্চা ইউনিয়নের ১৫ বছর বয়সি তরুণী পূজা রাণী ঘরের আড়ার সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। তবে কী কারণে এই তরুণী আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

ওসি শহিদুর রহমান বলেন, এই দুই ঘটনায় সদর থানায় অপমৃত্যুর দুইটি মামলা হয়েছে।

অন্যদিকে, জেলার পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, শনিবার রাতে ১১ বছর বয়সি আসাদুল তার মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে কিছু দূরে গিয়ে গলায় রশি পেঁচিয়ে গাছের ডালে ঝুলে আত্মহত্যা করে। 

রোববার সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আসাদুলের লাশ উদ্ধার করে। 

ওসি তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। 

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঘটনাগুলোর প্রকৃত কারণ খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।