রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পাঁচ-সাতদিন আগে এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।
রাজশাহী নগরীর হাইটেক পার্ক এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মহানগর নৌ-পুলিশের পরিদর্শক ওবাইদুল হক জানান।
ওবাইদুল হক বলেন, সকালে পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, পাঁচ-সাতদিন আগে এই ব্যক্তি মারা গেছে।
“যুবকের পরনে ছিল কালো প্যান্ট। লাশ উদ্ধারের পর রাজশাহী থেকে সিআইডি টিম এসে আলমত সংগ্রহ করে নিয়ে গেছে।”
এ ঘটনায় নগরীর দামকুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
