২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতারি কেনার পথে নছিমনের ধাক্কায় একই গ্রামের নিহত ৩

এ ঘটনায় আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ জানায়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2024, 08:33 PM

Updated : 22 Mar 2024, 09:53 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদের মুসল্লিদের জন্য ইফতার সামগ্রী কিনতে যাওয়ার পথে নছিমনের ধাক্কায় একই গ্রামের তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে একজন ও শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা যান বলে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান।

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ি এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মুত্তালিব মিয়া, একই এলাকার বুধা শেখের ছেলের সবুজ মিয়া ও মজিবুর রহমান ছেলে অটোরিকশাচালক আশরাফুল ইসলাম।

এ ঘটনায় বেলাল মিয়া (৪৫) ও আমিরুল ইসলাম (৩৩) নামে দুজন  গুরুতর আহত হন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানায় পুলিশ।

হতাহতদের প্রতিবেশী মোনারুল ইসলাম বলেন, “শুক্রবার গ্রামের মসজিদে ইফতার মাহফিল ছিল। সেজন্য ইফতার সামগ্রী কিনতে চালকসহ গ্রামের পাঁচজন বৃহস্পতিবার রাতে ব্যাটারি চালিত অটোরিকশায় স্থানীয় নাকাইহাটে যাচ্ছিলেন।”

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পথে মাটির আসবাবপত্র বোঝাই শ‍্যালো ইঞ্জিনচালিত নসিমনকে অতিক্রম করতে গিয়ে অটোরিকশাটির ধাক্কা লাগে। তখন যান দুটি সড়কের পাশে খাদে গিয়ে পড়ে। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হন।

আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন। সেখানে অটোরিকশা চালক আশরাফুল ইসলামের মৃত্যু হয়। অবস্থার অবনতি হলে অন্যদের রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মুত্তালিব ও সবুজ মিয়ার মৃত্যু হয়।

ওসি শামসুল আলম শাহ জানান, স্বজনরা হাসপাতাল থেকে নিহতদের লাশ বাড়ি নিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।